
ব্যালন ডি’অর জয়ের স্বপ্নে এবার আগেভাগেই প্রস্তুতি সেরে রাখছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি জিতলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে জমকালো উদ্যাপনের পরিকল্পনা করেছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই লক্ষ্যে ব্যক্তিগত উড়োজাহাজে লন্ডন যাওয়ার ব্যবস্থাও করেছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দিপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, এবারের ব্যালন ডি’অর নিয়ে আশাবাদী ইয়ামাল। পুরস্কার জয়ের সম্ভাবনাকে সামনে রেখে পরিবারের সদস্য, বন্ধু ও ঘনিষ্ঠজনদের সঙ্গে বিশেষ মুহূর্তটি উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ আয়োজনে ব্যয়ের বিষয়েও কার্পণ্য করতে চান না বার্সেলোনার এই তরুণ তারকা।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) ব্যক্তিগত উড়োজাহাজে লন্ডনের উদ্দেশে রওনা হবেন ইয়ামাল। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মা শেইলা এবানা, বাবা মুনির নাসরাউই, সঙ্গী ইনেস গার্সিয়া, পরিবারের সদস্য, বন্ধু ও ঘনিষ্ঠজনেরা। এ ছাড়া ইয়ামালের ব্যবস্থাপনা দলের সদস্যরাও এই সফরে অংশ নেবেন।
তবে বড় আয়োজন করলেই যে হাতে উঠবে সোনার ট্রফি, তার নিশ্চয়তা নেই। গত বছরও ব্যালন ডি’অর জয়ের আশায় প্যারিসে উদ্যাপনের প্রস্তুতি নিয়েছিলেন ইয়ামাল। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার জেতেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। ফলে মূল ট্রফি ছাড়াই অনুষ্ঠানস্থল ছাড়তে হয়েছিল ইয়ামালকে। যদিও সেবার সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের স্বীকৃতি হিসেবে কোপা ট্রফি জিতেছিলেন তিনি।
এবার ব্যালন ডি’অরের ৭০তম আসর বসছে লন্ডনে। ১৯৫৬ সালে শুরু হওয়া এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউস। ঐতিহাসিক এই আয়োজনের বিশেষ মাইলফলক ঘিরে এবার ইংল্যান্ডের রাজধানীতেই বসছে তারকাদের মিলনমেলা।
গত তিন বছর ধরে ব্যালন ডি’অর আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে উয়েফা। লন্ডনের ওয়েস্ট এন্ড এলাকার লন্ডন প্যালাডিয়ামে স্থানীয় সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় অনুষ্ঠানটি শুরু হবে।
আরটিভি/এসকে


