
লিওনেল মেসিকে একনজর দেখতে ভক্তদের পাগলামির শেষ নেই। প্রিয় তারকাকে দেখতে কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন, কেউ ভিড় জমান হোটেলের সামনে। তবে স্পেনের ওবিয়েদো শহরে মেসিকে দেখতে এক তরুণের কাণ্ড ছাপিয়ে গেছে সবকিছুকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে দেখতে যেন কাজে যেতে না হয়, সে জন্য নিজের হাত কেটে ফেলেছেন ওই তরুণ!
স্পেনে এবার ফুটবল খেলতে নয়, বিশেষ সম্মাননা নিতে গেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। ফুটবলে অসামান্য অবদান এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে নিয়ে ওবিয়েদো শহরে পৌঁছেছেন তিনি।
মেসির আগমনের খবর পেয়ে হোটেলের সামনে ভিড় করেন শত শত ভক্ত ও সাংবাদিক। স্থানীয় সময় সকাল ৭টার দিকে হোটেল দে লা রেকনকিস্তায় পৌঁছান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। কিছুক্ষণ বিশ্রামের পর কালো আনুষ্ঠানিক পোশাকে বাইরে বেরিয়ে ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার জার্সিসহ বিভিন্ন স্মারকে অটোগ্রাফ দেন। প্রিয় তারকার হাতে উপহারও তুলে দেন অনেকে। উপহারের তালিকায় ছিল আর্জেন্টিনার মিষ্টি ও কর্নস্টার্চ দিয়ে তৈরি জনপ্রিয় বিস্কুট আলফাখোরেস।
এর মধ্যেই সামনে আসে এক তরুণের হাত কাটার ঘটনা। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে কাছ থেকে দেখতে কাজে যেতে না হওয়ার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন ওই তরুণ। তবে ঘটনাটির বিস্তারিত স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে মেসির জন্য এবারের স্পেন সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ফুটবল মাঠের সাফল্যের বাইরেও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হচ্ছে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার। এই সম্মাননা গ্রহণের মুহূর্তে প্রয়াত বাবার কথা স্মরণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসি বলেন, ‘সত্যি বলতে, আমি খুব খুশি। এই পুরস্কার নিয়ে আমার বাবা খুবই রোমাঞ্চিত ছিলেন। আমার অনেক ম্যাচের কারণে এখানে আসা কঠিন হবে, সেটা আমরা জানতাম। কিন্তু বাবা বারবার জোর দিচ্ছিলেন, যেন আমরা আসি, এখানে কয়েকটা দিন কাটাই এবং পুরস্কারটি গ্রহণ করি।’
পুরস্কারটির গুরুত্ব তুলে ধরে মেসি আরও বলেন, ‘একজন মানুষ মাঠে যা করে, কিংবা পেশাদার ক্যারিয়ারে আমি যা করেছি, এই পুরস্কার তার চেয়েও বেশি কিছুর স্বীকৃতি। আমি নিশ্চিত, এই স্বীকৃতি পেলে তিনি খুব খুশি হতেন। তাই আমি নিশ্চিত, তিনিও এখনও এটি উপভোগ করছেন।’
ফুটবলীয় অর্জনের পাশাপাশি মানবিক অবদানের স্বীকৃতি মেসির ক্যারিয়ারে যোগ করছে নতুন মাত্রা। তবে প্রিয় তারকাকে দেখতে এক ভক্তের নিজের ক্ষতি করার খবরও মনে করিয়ে দিচ্ছে, আবেগের বশে নিজের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা কখনোই কাম্য নয়।
আরটিভি/এসকে


