
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে চোট নয়, টানা ম্যাচের ধকল ও দীর্ঘ ভ্রমণের কথা বিবেচনা করেই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলু।
সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন রোনালদো। গত সপ্তাহে সৌদি প্রো লিগে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে নিজের ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৮৫-তে নিয়ে যান এই পর্তুগিজ তারকা। তবে ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের শারীরিকভাবে সতেজ রাখতে রোটেশন নীতিতে হাঁটছেন আল-নাসর কোচ। রোনালদোর পাশাপাশি এই সফরে দলের সঙ্গে যাচ্ছেন না উইঙ্গার কিংসলে কোমান ও ডিফেন্ডার মোহামেদ সিমানকানও।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও এবারের প্রতিযোগিতায় কঠিন সময় পার করছে আল-নাসর। টুর্নামেন্টের পশ্চিম অঞ্চলে অংশ নেওয়া পাঁচ সৌদি ক্লাবের মধ্যে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে দলটি।
তাসখন্দে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পোস্টেকোগলু বলেন, টানা ম্যাচ খেলার চাপ এবং দীর্ঘ ভ্রমণের ক্লান্তি বিবেচনায় নিয়েই কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। মৌসুমের শুরুতে প্রস্তুতিতে কিছুটা ঘাটতি থাকলেও বর্তমানে দল ভালো অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
এদিকে খেলোয়াড়দের ব্যস্ত সূচির পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও ফুটবল আয়োজনকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। আল-ওয়াসল রিয়াদ সফরে যেতে অস্বীকৃতি জানানোয় গত সপ্তাহে আল-নাসরের একটি ম্যাচ স্থগিত করা হয়। এর আগে গত ১২ অক্টোবর হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার খবরের পরও দলটির আরেকটি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল।
আঞ্চলিক উত্তেজনার প্রভাব পড়েছে আগামী ৭ জানুয়ারি সৌদি আরবে শুরু হওয়ার কথা থাকা এশিয়ান কাপ আয়োজন নিয়েও। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সভাপতি সুনেয়াসু মিয়ামোতো নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে টুর্নামেন্ট আয়োজন সহজ হবে না।
এ বিষয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষ দিকে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে প্রতিযোগিতাটি ২০২৮ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় আসতে পারে।
আরটিভি/এসকে




