
ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে গেলে প্রায়ই একটি লেখা আসে ‘আই অ্যাম নট অ্যা রোবট’ এবং একটি বক্সে টিক দিতে নির্দেশণা দেওয়া হয়। আবার কখনো কয়েকটি ছবি দেখে নির্দিষ্ট বস্তু চিহ্নিত করতে হয়। এই ব্যবস্থার নাম ক্যাপচা। ওয়েবসাইটে মানুষ ও স্বয়ংক্রিয় বটের মধ্যে পার্থক্য করতে এটি মূলত ব্যবহার করা হয়। কিন্তু সাইবার অপরাধীরা এখন এই নিরাপত্তাব্যবস্থার আদলেই তৈরি করছে ভুয়া পেজ। আর তাতেই ফাঁদে পড়ছেন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা।
ক্যাপচার পূর্ণরূপ ‘কমপ্লিটিটলি অটোমেটেড পাবলিক টার্নিং টেস্ট টু টেল কম্পিউটারস অ্যান্ড হিউম্যানস অ্যাপার্ট’। সহজ কথায়, কোনো ওয়েবসাইটে প্রবেশ বা নির্দিষ্ট কাজ করার সময় ব্যবহারকারী মানুষ, নাকি স্বয়ংক্রিয় কম্পিউটার প্রোগ্রাম তা যাচাই করাই এর উদ্দেশ্য। স্প্যাম, ভুয়া অ্যাকাউন্ট তৈরি এবং বটের মাধ্যমে অননুমোদিত কার্যকলাপ ঠেকাতে বিভিন্ন ওয়েবসাইটে এই পদ্ধতি ব্যবহার করা হয়। সাধারণত নির্দিষ্ট বক্সে টিক দেওয়া, ছবি চেনা কিংবা সহজ কোনো ধাঁধার সমাধান করেই এই যাচাই সম্পন্ন হয়।
তবে ক্যাপচার আড়ালেও প্রতারণা চালিয়ে যাচ্ছে সাইবার অপরাধীরা। এই প্রতারণার কৌশলটি পরিচিত ‘ক্লিকফিক্স’ নামে। এতে অপরাধীরা আসল ক্যাপচার মতো দেখতে ভুয়া ওয়েবপেজ তৈরি করে। ব্যবহারকারী সেখানে প্রবেশ করলে তাকে বলা হয়, যাচাই সম্পন্ন করতে কয়েকটি অতিরিক্ত ধাপ অনুসরণ করতে হবে।
কখনও পেজে এমন নির্দেশ দেওয়া হয়, যাতে ব্যবহারকারীকে কম্পিউটারের ক্লিপবোর্ডে থাকা একটি কম্যান্ড কপি করে উইন্ডোজের রান বক্স বা টার্মিনালে পেস্ট করতে হয়। অনেক সময় Windows+R চেপে Run খুলতে এবং সেখানে নির্দিষ্ট কম্যান্ড চালাতে বলা হয়। ম্যাক কম্পিউটারের ক্ষেত্রেও টার্মিনাল ব্যবহারের নির্দেশ দেওয়া হতে পারে।
সমস্যা হলো, ব্যবহারকারী বুঝতে না পেরেই এমন কম্যান্ড চালিয়ে ফেলতে পারেন, যা কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড বা চালু করে দেয়। এর মাধ্যমে সাইবার অপরাধীরা পাসওয়ার্ড, ব্রাউজ়ারে সংরক্ষিত তথ্য এবং ব্যক্তিগত ডেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। অর্থাৎ, এখানে শুধু ক্যাপচাতে ক্লিক করলেই বিপদ হয় না; বিপদ তৈরি হয় ভুয়া নির্দেশ মেনে কম্পিউটারে অজানা কম্যান্ড চালালে।
সাধারণ ক্যাপচাতে ছবি চেনা, বক্সে টিক দেওয়া বা নির্দিষ্ট অক্ষর-সংখ্যা লিখতে বলা হতে পারে। কিন্তু যাচাইয়ের নামে যদি কোনও ওয়েবসাইট Windows+R চাপতে, Run বা Terminal খুলতে কিংবা অজানা কম্যান্ড কপি-পেস্ট করতে বলে, তা হলে সতর্ক হোন। এ ধরনের নির্দেশ ক্লিকফিক্স প্রতারণার লক্ষণ হতে পারে।
মনে রাখবেন, আসল ক্যাপচা যাচাইয়ের জন্য সাধারণত কম্পিউটারের কম্যান্ড চালানোর প্রয়োজন হয় না।
কীভাবে এই প্রতারণা থেকে নিরাপদ থাকবেন?
১. কোনো ওয়েবসাইট ক্যাপচা যাচাইয়ের নামে Run বা Terminal খুলতে বললে নির্দেশ অনুসরণ করবেন না।
২. অচেনা ওয়েবসাইট থেকে আসা কম্যান্ড কপি-পেস্ট করে চালাবেন না। ক্লিপবোর্ডে কী রয়েছে, না জেনে কোনও কম্যান্ড চালানো ঝুঁকিপূর্ণ।
৩. সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। ওয়েবসাইটের ঠিকানা ভালো করে দেখে নিন।
৪. কম্পিউটারের অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন।
৫. গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। পাশাপাশি মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখুন।
এখন মূল প্রশ্ন, ভুল করে কম্যান্ড চালিয়ে ফেললে কী করবেন?
ভুয়া ক্যাপচার নির্দেশ মেনে কোনো অজানা কম্যান্ড চালিয়ে ফেললে দ্রুত সতর্ক হওয়া জরুরি। সন্দেহজনক কার্যকলাপের আশঙ্কা থাকলে ডিভাইসটির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন এবং নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার দিয়ে পরীক্ষা করান। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন। অন্য কোনো নিরাপদ ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে নিন এবং অস্বাভাবিক লগইন বা কার্যকলাপ হয়েছে কি না, পরীক্ষা করুন।
আরটিভি/ এসকেডি

