
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী ও একজন যাত্রিকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।
শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক বিমান কর্মীর নাম ওবায়দুর রহমান। অপর ব্যক্তি একজন যাত্রী, তার পরিচয় জানানো হয়নি। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর দেহ তল্লাশি করে ২ কোটি ১০ লাখ টাকার সোনার বার উদ্ধার করা হয়েছে।
গত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট কর্তৃক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার মোট ওজন ১,০৪৯.৪০ গ্রাম (প্রায় ১.০৫ কেজি), যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর ওবায়দুরের তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়।
এতে আরও বলা হয়, জড়িতের বিরুদ্ধে কাস্টমস আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীন কার্যক্রম চলমান রয়েছে।
আরটিভি/টিআর



