
চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মেজর সাদমান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চাঁদপুর শহরের কালীবাড়ি মন্দিরে এ পরিদর্শনকালে তিনি পূজা আয়োজক কমিটির সঙ্গে কথা বলেন এবং মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।
মেজর সাদমান আশ্বস্ত করেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি।
পরিদর্শনের সময় র্যাব কর্মকর্তার সঙ্গে ছিলেন চাঁদপুর জেলায় দায়িত্বরত র্যাব সদস্যবৃন্দ, স্থানীয় সংবাদকর্মী এবং কালীবাড়ি পুজা উদযাপন কমিটির কর্মকর্তারা। মন্দির কমিটির পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয় এবং উপস্থিত ভক্ত-দর্শনার্থীরা আনন্দঘন পরিবেশে সময় কাটান।
কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সদস্য তমাল ভৌমিক বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমাদের আশ্বস্ত করেছে।
চাঁদপুরে প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ২২৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আরটিভি/এমকে




