দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগ, বরেণ্য সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ভাঙচুরের প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপি মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. এ আর জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাড. এনাম আহমদ, জেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজু আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যম ও সংস্কৃতি জাতির বিবেক, তাদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এসব ঘটনার সঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, ভিন্নমত দমনে সহিংসতার ব্যবহার কখনোই রাষ্ট্র ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।
আরটিভি/এএএ




