
নোয়াখালীর হাতিয়ায় চরের খাস জায়গা দখল করছিলো একটি চক্র। সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। দখলকারী সবাই দৌড়ে পালিয়ে গেলেও ২ জনকে আটক করে প্রশাসন। এ সময় তাদের ব্যবহার করা একটি ট্রলার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন এলাকা সংলগ্ন চরে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- চরকিং ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম ও চরইশ্বর ইউনিয়নের মোবাশ্বের আহমেদের ছেলে মোহাম্মদ হাশেম।
জানা যায়, একটি ভূমিহীন সংগঠনের নামে কিছু লোক জায়গা বুঝিয়ে দিবে বলে দইশতাধিক লোককে সেখানে নিয়ে যান। সকাল থেকে তারা টাকার বিনিময়ে জায়গা পরিমাপ করে দেওয়ার কাজ শুরু করে। বন বিভাগ বাঁধা দিলেও তারা তা অমান্য করে কার্যক্রম চলমান রাখে। বন বিভাগ পরে উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি দেখে দখলকারী সবাই দিক বিদিক ছুটতে থাকে। এক পর্যায়ে ২ জনকে আটক করা হয়। এসময় তাদের কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরে হাতিয়া নদীভাঙ্গা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লি নামে সংগঠনটি মানুষের কাছ থেকে নির্দিষ্ট অর্থের মাধ্যমে তাদের সংগঠনের সদস্য করে আসছিলো। এই জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য তারা টাকার বিনিময়ে সদস্যদের মাঝে স্লিপ বিতরণ করে। আজকে তালিকাভুক্ত সদস্যদেরকে জমি বুঝিয়ে দেওয়ার কাজ শুরু করে সংগঠনটি।
এই ব্যাপারে সংগঠনের সভাপতি মো. আবুল কাশেম এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেন নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, এটি সরকারি খাস জায়গা যা এখনো বন্দোবস্ত দেওয়া হয়নি। কিন্তু কিছু লোক এটি জবরদখলের চেষ্টা করতেছিল। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।
আরটিভি/এএএ


