ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছেন সেই ‘সিরিয়াল কিলার’ সম্রাট

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: সংগৃহীত

সাভারের আলোচিত ও কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট ওরফে সবুজ শেখ মারা গেছেন।

সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট স্ট্রোকজনিত কারণে সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের ১৮ জানুয়ারি দুপুর দুইটার দিকে সাভার থানা রোডের পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে দুটি মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নতুন করে সামনে আসে সম্রাটের নির্মম অপরাধের চিত্র। এর আগে একই ভবন থেকে আরও তিনটি মরদেহ এবং সাভার মডেল মসজিদের সামনে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ দেখতে পায়, সম্রাট নিজ কাঁধে করে মরদেহ নিচতলা থেকে দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছে, যা পুরো ঘটনাকে আরও ভয়াবহ করে তোলে।

এর আগে একটি ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে ওই পরিত্যক্ত ভবনে দেখা যায়; পরে নিশ্চিত হয়, সেই নারীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেন সম্রাট। তদন্তে নেমে পুলিশ তার সম্পৃক্ততার প্রমাণ পেয়ে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে সে সিরিয়াল অনুযায়ী ছয়টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরদিন ১৯ জানুয়ারি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তা গ্রহণ করে তাকে কারাগারে পাঠান।

জানা গেছে, সাইকো সম্রাট নামে পরিচিত এই ব্যক্তির আসল নাম সবুজ শেখ। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোছামান্দা গ্রামে এবং তার বাবার নাম পান্না শেখ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে, ২০১৪ সালে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নে প্রথম হত্যাকাণ্ডের মাধ্যমে অপরাধজগতে তার প্রবেশ। ওই ঘটনায় গ্রেপ্তার হয়ে চার্জশিটভুক্ত হলেও পরে জামিনে বের হয়ে ২০১৯ সালে তিন মাসের মধ্যে দুইবার মাদক মামলায় গ্রেপ্তার হয় এবং পুনরায় জামিনে এসে এরপর ভবঘুরে জীবনযাপন করতে করতে সাভার পৌর এলাকায় অবস্থান করে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ঘটাতে থাকেন। তার বিরুদ্ধে মোট সাতটি হত্যা ও দুটি মাদক মামলা বিচারাধীন ছিল।

পুলিশের তদন্ত অনুযায়ী, ২০২৫ সালের ৪ জুলাই সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, ২৯ আগস্ট পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে এক যুবককে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলা, ১১ অক্টোবর একই স্থানে আরেক নারীকে হত্যা, ১৯ ডিসেম্বর আরও এক যুবককে হত্যা এবং ১৭ জানুয়ারি গভীর রাতে এক নারীসহ দুইজনকে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা স্বীকার করে সে। এই ধারাবাহিক হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক ছিল তানিয়া আক্তারের ঘটনা।

আরও পড়ুন

এদিকে সোমবার সেই সাইকো সম্রাটের মৃত্যুর সংবাদ শুনে তানিয়ার মা জুলেখা বেগম ও বোন নাসরিন আক্তার ফারিয়া সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে স্বস্তি প্রকাশ করেছেন।

পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাইকো সম্রাট ওরফে সবুজ শেখকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিন অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয় যে হাটে
‎জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাটে প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয়। ভোর থেকেই এ হাটে জমে ওঠে কৃষক ও ব্যবসায়ীদের ব্যস্ততা। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কলা নিয়ে আসেন কৃষকেরা। এসব কলা কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন পাইকারি ব্যবসায়ীরা।
প্রতিদিন অর্ধকোটি টাকার কলা বেচাকেনা হয় যে হাটে
সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যে আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসের সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিককে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতোই শ্রমিকেরা নিজ নিজ কারখানার উদ্দেশে রওনা হয়েছেন এবং শান্তিপূর্ণভাবে কর্মস্থলে প্রবেশ করছেন। গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবসেও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার জেরে আজও ২৩টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় 'নো ওয়ার্ক, নো পে' ভিত্তিতে ২১টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও দুটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন। শিল্প পুলিশ জানিয়েছে, সকালের শান্তিপূর্ণ পরিস্থিতি দিনভর বজায় থাকবে বলে তারা আশাবাদী। তবে তা অনেকাংশে নির্ভর করবে শ্রমিকেরা উৎপাদন কার্যক্রমে কতটা অংশ নিচ্ছেন, তার ওপর। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অন্যান্য দিনের মতো আজও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আরটিভি/এসআর
সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
মোটরসাইকেল কিনতে দেড় লাখ টাকা নিয়ে বিয়ের দিন উধাও বর!
বিয়ের আগের দিন মোটরসাইকেল কেনার জন্য বরপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছিল দেড় লাখ টাকা। কথা ছিল, পরদিন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসবেন বর। সে অনুযায়ী বিয়ের সব আয়োজনও সম্পন্ন। লাল বেনারসি আর গয়নায় বধূবেশে অপেক্ষায় ছিলেন কনে।  কিন্তু নির্ধারিত সময়ে বর না আসায় মুহূর্তেই আনন্দের আয়োজন রূপ নেয় বিষাদে। পরে বরপক্ষ থেকে আরও দেড় লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ কনেপক্ষের। শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খয়রুন বেগম (৩৫)। তিনি ওই গ্রামের মন্তু মিয়ার মেয়ে। অভিযুক্ত বর আবাছ আলী (৪০) একই ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে। থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমানে প্রবাসে থাকার সময় আবাছ আলীর সঙ্গে খয়রুন বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে আবাছ আলীকে মোট তিন লাখ টাকা দেন খয়রুন। প্রায় এক মাস আগে আবাছ দেশে ফিরলে দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়। কনেপক্ষের অভিযোগ, বিয়ের আগে বরপক্ষের পক্ষ থেকে একটি মোটরসাইকেল দাবি করা হয়। সেই দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য নগদ দেড় লাখ টাকা দেওয়া হয়। কিন্তু বিয়ের দিন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বর কিংবা বরপক্ষের কেউ কনের বাড়িতে আসেননি।  পরে যোগাযোগ করা হলে মোটরসাইকেল কেনার জন্য আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা না দিলে বিয়ে হবে না বলেও জানিয়ে দেয়া হয়। এদিকে বিয়ের আয়োজন, প্যান্ডেল, রান্নাবান্না ও অতিথি আপ্যায়নে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে বলে দাবি কনেপক্ষের। বিয়ের আসরে বর না আসায় সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি মানসিক বিপর্যয়ের মুখে পড়েছে পরিবারটি। খয়রুন বেগমের বড় ভাই মইন উদ্দিন বলেন, বিয়ের দিন তার বোনকে বধূ সাজানো হয়েছিল। আত্মীয়স্বজন ও এলাকাবাসী অনুষ্ঠানে এসে খাবারও খেয়েছেন। কিন্তু বাড়তি যৌতুকের দাবিতে বরপক্ষ আসেনি। এ ঘটনায় তারা সামাজিকভাবে চরম বিব্রত হয়েছেন। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন। তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বরের ভাই ইয়াসিন মিয়া। তার দাবি, তারা কোনো যৌতুক নেননি। বরং প্রবাসে থাকাকালীন তার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেয়া হয়েছে। তারা দুজন একসঙ্গে প্রবাসে ছিলেন। কনের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জেনেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, বিয়ের বিষয়ে তাকে আগে কেউ কিছু জানাননি। পুলিশের মাধ্যমে বিয়ে ভেঙে যাওয়ার খবর পেয়েছেন। অসুস্থতার কারণে ঘটনাস্থলে যেতে না পারলেও প্রায় এক সপ্তাহ আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ তাকে জানিয়েছিল। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। তবে সামাজিকভাবে সমাধান না হলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। আরটিভি/এসআর
মোটরসাইকেল কিনতে দেড় লাখ টাকা নিয়ে বিয়ের দিন উধাও বর!
কক্সবাজারে ৩ মাসব্যাপী পর্যটন উৎসব, উদ্বোধন আজ
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটনশিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশায় আজ থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। সৈকতসংলগ্ন ঝাউবাগানের প্রায় ৩৫ একর এলাকাজুড়ে ২৪ ঘণ্টা চালু থাকবে এ আয়োজন। এতে থাকছে প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন।
কক্সবাজারে ৩ মাসব্যাপী পর্যটন উৎসব, উদ্বোধন আজ
হেমন্তের প্রকৃতিতে শীতের পদধ্বনি, বৃষ্টিতে বেড়েছে তীব্রতা
শরৎ ও শীতের মধ্যবর্তী ঋতু হেমন্ত। প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা। দিনের বেলায় হালকা রোদের উষ্ণতা থাকলেও গভীর রাত থেকে ভোর পর্যন্ত বইছে মৃদু হিমেল বাতাস। সেইসঙ্গে পড়ছে হালকা কুয়াশা। শিশিরভেজা ঘাস আর সোনালি ধানখেত জানান দিচ্ছে শীতের আগমনের।
হেমন্তের প্রকৃতিতে শীতের পদধ্বনি, বৃষ্টিতে বেড়েছে তীব্রতা
আরও পড়ুন
জমকালো আয়োজনে কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির উদ্বোধন
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে নিহত ১
কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ঢাকার কেরানীগঞ্জে ফ্ল্যাটে মিলল যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ