
রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়াকে দায়িত্ব থেকে অপসারণ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রাপ্ত অভিযোগ স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর অগ্রায়ন করেছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো ওই অগ্রায়নপত্রে নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, টেন্ডার অনিয়ম এবং কার্যাদেশ সংক্রান্ত রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ তুলে তাকে দায়িত্ব থেকে অপসারণ করে আইনের আওতায় আনার আবেদন জানানো হয়। গত ২৪ মার্চ জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত পত্রে এই অগ্রায়ন করা হয়।
জানা যায়, মো. মুছা গং নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন।
অগ্রায়নপত্রে উল্লেখ করা হয়, মো. মুছা গংয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, টেন্ডার অনিয়ম এবং কার্যাদেশ সংক্রান্ত রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে তাকে দায়িত্ব থেকে অপসারণ করে আইনের আওতায় আনার জন্য একটি আবেদন পাওয়া গেছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন পর্যায় থেকে আরও একাধিক অভিযোগ প্রাপ্ত হয়েছে।
এমতাবস্থায়, বিবেচ্য আবেদনপত্র ও তৎসংলগ্ন কাগজপত্রাদি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অগ্রায়ন করা হয়েছে।
এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে সচিব বরাবর অভিযোগের কপি প্রেরণ করা হয়েছে, যাতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
আরটিভি/এমএ



