চাঁদপুরের দুই উপজেলায় খাজনা আদায় বন্ধ ঘোষণা এমপির

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১১:০৭ পিএম


চাঁদপুরের দুই উপজেলায় খাজনা আদায় বন্ধ ঘোষণা এমপির
শাহরাস্তির উয়ারুক বাজারে এক জনসভায় কথা বলছেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ থেকে দুই উপজেলার প্রায় ৪৫টি বাজারে খাজনা আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শাহরাস্তির উয়ারুক বাজারে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

স্থানীয় বাজারগুলোতে প্রান্তিক চাষিদেরকে সহায়তা প্রদান এবং ইজারা আদায়ের নামে সব ধরনের হয়রানি ও চাঁদাবাজি বন্ধে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন।

উপজেলা প্রশাসন বাজারগুলোতে ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি দিলেও সব নিয়মনীতি অনুসরণ করে এমপির নির্দেশে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় রাজস্ব আগেভাগেই সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ফলে সাধারণ বিক্রেতাদের কাছ থেকে আর কোনো খাজনা আদায় করা হবে না।

আরও পড়ুন

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাজিয়া হোসেন জানান, এই উদ্যোগে রাজস্ব আদায়ে কোনো ধরণের ঘাটতি হবে না, কারণ ইতোমধ্যেই রাজস্ব পরিশোধ করা হয়েছে।

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছি। খাজনা আদায়ের নামে প্রায়ই সাধারণ মানুষ হয়রানির শিকার হন এবং এই অজুহাতে অনেকে চাঁদাবাজি করে। আমার সংসদীয় আসনে কোনো প্রকার চাঁদাবাজি ও হয়রানি হতে দেওয়া হবে না।

তিনি বলেন, শুধু বাজার নয়, বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডের মতো জায়গাতেও ইজারা ও চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ করা হবে।
কোনো অজুহাতে মানুষের ওপর অন্যায় বা জুলুম মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এই সংসদ সদস্য।

আরটিভি/এমএস/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission