ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কুয়াকাটায় ভেসে এলো বিপন্ন প্রজাতির মৃত ডলফিন

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম
ছবি: সংগৃহীত

কুয়াকাটা সৈকতে বিপন্ন প্রজাতির মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে, পেট ফেটে গেছে এবং বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৬টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে জোয়ারের পানির সঙ্গে ডলফিনটি ভেসে আসে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘উপরা’র সদস্য আব্দুল জলিল প্রথমে ডলফিনটি দেখতে পেয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ইরাবতী প্রজাতির ডলফিন। এ ধরনের ডলফিনের মাথা গোলাকার এবং সাধারণ ডলফিনের মতো লম্বা ঠোঁট থাকে না। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল ও বড় নদীগুলোতে এদের বিচরণ দেখা যায়। বিপন্ন এ প্রজাতি সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এ ধরনের ঘটনা আমাদের জন্য স্পষ্ট অশনিসংকেত। ডলফিনের মৃত্যু উপকূলীয় পরিবেশের অবনতির বার্তা দেয়। দ্রুত কারণ উদ্‌ঘাটন করে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, বারবার মৃত ডলফিন ও কচ্ছপ ভেসে আসা সামুদ্রিক পরিবেশের জন্য বড় হুমকির ইঙ্গিত। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ এবং নৌযানের অসচেতন চলাচল এর পেছনে ভূমিকা রাখতে পারে।

মহিপুর রেঞ্জের বন বিভাগ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ডলফিনটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরে ডলফিন রক্ষা কমিটি, কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে মৃত ডলফিনটি মাটি চাপা দেন। সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই দ্রুত কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

আরও পড়ুন

ওয়ার্ল্ডফিশের সাবেক গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, এটি একটি ইরাবতী ডলফিন। ডলফিনটির মৃত্যুর কারণ হলো মাছ ধরার জাল বা দড়িতে জড়িয়ে পড়া। এটি বিপন্ন প্রজাতির প্রাণী। তাই এটি সংরক্ষণের জন্য ডলফিন-বান্ধব জাল ব্যবহার, জালে অ্যাকুস্টিক পিঙ্গার বা শব্দ সিগন্যাল বসিয়ে ডলফিনকে দূরে রাখা, ডলফিনের গুরুত্বপূর্ণ আবাসস্থল যেমন নদী-মোহনা এলাকায় নির্দিষ্ট অঞ্চলকে মাছ ধরা নিষিদ্ধ বা সীমিত করা, জেলেদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ প্রদান (যাতে জালে ডলফিন আটকে পড়লে দ্রুত ও নিরাপদে ছাড়ানো যায়), দ্রুত উদ্ধারকারী দল গঠন ও হটলাইন চালু রাখা, এবং বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। এসব পদক্ষেপ একসঙ্গে গ্রহণ করলে এই বিপন্ন প্রজাতির অকাল মৃত্যু অনেকাংশে কমানো সম্ভব।

বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, শুধু ইরাবতী ডলফিনই নয়, আইন অনুযায়ী বাংলাদেশে সব ধরনের ডলফিনই সংরক্ষিত।

তিনি বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২ অনুযায়ী ডলফিন হত্যা করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড বিধান অন্তর্ভুক্ত করা রয়েছে। এ ছাড়া মৃত ডলফিনের দেহাবশেষ অবৈধভাবে কারো কাছে পাওয়া গেলেও সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয়দণ্ডই হতে পারে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
আরও পড়ুন
কক্সবাজার সৈকত বেলাভূমিতে ৫০ ফুটের প্লাস্টিক দানব
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি
কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও একজন
বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন