সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্টে বাঁশকল স্থাপন করে রাতের পাহারা জোরদার করা হয়েছে। বাঁশকল হলো সড়কের ওপর বাঁশের তৈরি অস্থায়ী প্রতিবন্ধক, যা প্রয়োজন অনুযায়ী তুলে দিয়ে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়।
এসব পয়েন্টে পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাখাড়া ও ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
এ সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে পাহারা ও যানবাহন তল্লাশি কার্যক্রমের খোঁজ নেন।
রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে, উপজেলার জনগুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এসব বাঁশকল স্থাপন করা হয়েছে। রাতের বেলায় সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের ওপর নজরদারির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে পরিচালিত এ পাহারা ব্যবস্থায় পুলিশ ও গ্রাম পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পালনকারীদের রাতের খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে থানা পুলিশ। পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বে থাকা সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে চেকিংয়ের সময় সাধারণ মানুষের চলাচলে যাতে অযথা ভোগান্তি না হয়, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিরাজগঞ্জ মো. হাফিজুর রহমান, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানসহ জেলা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ জানিয়েছে, গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে এধরণের নজরদারি অব্যাহত থাকবে।
আরটিভি/এসআর
মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকের টাকার জন্য মা ও বোনকে মারধরের পর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ফুল মিয়া (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুলিয়ারচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড়খারচর মহল্লায় এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, আগুনে ঘরের সব আসবাব, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র, ১৫টি হাঁস ও প্রায় ৪০টি দেশি মুরগি পুড়ে গেছে।
নির্যাতনের শিকার রুবিনা বেগম বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করতেন। কখনো দা নিয়ে কোপাতে আসতেন বলেও অভিযোগ করেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে রুবিনা বলেন, আমি আমার ছেলের ফাঁসি চাই। যদি ফাঁসি না হয়, অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দেন। নয়তো সে আমাদের মেরে ফেলবে।
অভিযুক্ত ফুল মিয়া পরিবারের বিরুদ্ধে তাকে বকাঝকা ও নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি বলেন, ঘরে তারও অংশ রয়েছে এবং রাগের মাথায় আগুন দিয়েছেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ফুল মিয়াকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরটিভি/এসআর
এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ
নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে ধরা পড়েছে প্রায় ৬০ মণ ইলিশ।
নরসিংদীর পলাশে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া উপজেলার ভাড়ারিয়াপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন।
নিহতের বাবা জালাল মিয়া জানান, বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন সোহেল। পথে ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম জানান, দুর্ঘটনাটি নজরে আসার পরপরই মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসআর
রডের বদলে বাঁশ, এলজিইডির ৩ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
নোয়াখালী ও টাঙ্গাইলে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তিন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেক্ষেত্রে অনিয়ম তদন্তে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের স্বাক্ষরিত পৃথক আদেশে এসব ব্যবস্থা নেওয়া হয়।
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও কার্যসহকারী মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা আদেশে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল ও বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদের কাছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অভিযোগ তদন্তের দায়িত্ব পেয়েছেন এলজিইডির নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তাকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ ব্যবহার করে ঢালাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী মো. হাসমত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এলজিইডির আদেশে বলা হয়েছে, নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কার্যসহকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বাসাইলের ঘটনা সামনে আসার পর উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। জেলার নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর কাছেও ব্যাখ্যা চাওয়া হয়। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় এলজিইডি।
নতুন আদেশে কার্যসহকারীকেও সাময়িক বরখাস্ত করা হলো। নোয়াখালীর ঘটনায় দুই কর্মকর্তাকে বরখাস্তের পাশাপাশি ঊর্ধ্বতন প্রকৌশলীদের কাছে ব্যাখ্যা চেয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বলেন, উন্নয়নকাজে অনিয়ম-দুর্নীতি করে কেউ পার পাবে না। জনগণের অর্থ লুটপাট কিংবা মানুষের জীবন ঝুঁকিতে ফেলার সঙ্গে জড়িত যে-ই হোক, তাকে জবাবদিহি করতে হবে। পদ-পদবি বা প্রভাব দেখিয়ে রেহাই পাওয়ার সুযোগ নেই। শোকজ, সাময়িক বরখাস্ত ও বদলির মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত হলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।
আরটিভি/এসআর
আরও পড়ুন
গাইবান্ধায় একদিনে মিলল দুই নারীর ঝুলন্ত মরদেহ
শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
সীমান্তে পড়ে থাকা বাংলাদেশি কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ