বগুড়ার শিবগঞ্জে কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তিসহ রফিকুল ইসলাম (৫৪) ও নাহিদুর রহমান (৩২) নামে দুই চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় ৩১ কেজি ওজনের বিষ্ণুমূর্তিটি ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তাদের।
মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুইজন যথাক্রমে জেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া ও বগুড়া সদর উপজেলার নিশিন্দারা পশ্চিমপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের গড়মহাস্থান এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। এ সময় একটি শয়নকক্ষের খাটের ওপর থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩০ কেজি ৭০০ গ্রাম।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এটি ভারতে পাচারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির প্রকৃত ঐতিহাসিক মূল্য ও উৎস যাচাইয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় চোরাচালানবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/এমএস



