কোরবানির গরু কিনে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল স্বেচ্ছাসেবকদল নেতার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৫:২৪ পিএম


কোরবানির গরু কিনে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল স্বেচ্ছাসেবকদল নেতার
মো. নাছির উদ্দীন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. নাছির উদ্দীন (৪৫) নামের এক স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু হয়েছে। কোরবানির গরু কিনে বাড়ি ফিরছিলেন তিনি।

সোমবার (২৫ মে) উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের পাইলন ইন্ডাস্ট্রিজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাকা রাস্তার মাথা এলাকায় ড্রিম স্টিল রি-রোলিং মিলস মাঠে বসা পশুর হাট থেকে একটি গরু কিনে বাড়ির পথে রওনা দেন নাছির উদ্দীন।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

নিহত নাছির উদ্দীন উপজেলার ওভারব্রিজ ফকিরহাট এলাকার পশ্চিমে কালাগাজির বাড়ির বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিচিত ও সক্রিয় একজন ব্যক্তি ছিলেন এবং সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময়ের জন্য আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও নাছির উদ্দীনকে আর বাঁচানো সম্ভব হয়নি। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission