তাজিয়া মিছিলে যাওয়া হলো না বাবুর

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২:১৭ পিএম


তাজিয়া মিছিলে যাওয়া হলো না বাবুর
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররম উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে অংশ নিতে গিয়ে বাবু শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া এলাকার একটি ইমামবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বাবু শেখ দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট এলাকার মৃত হামেদ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মহররম উপলক্ষে গত ১৮ জুন থেকে বাবু শেখ একটি কাসেদ দলের সঙ্গে বিভিন্ন এলাকায় শোক মিছিল ও মাতমে অংশ নিচ্ছিলেন।

শুক্রবার দুপুরে হাবিল মণ্ডলপাড়ার মোকসেদ মৃধার ইমামবাড়ির সামনে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে সঙ্গে থাকা কাসেদ দলের সদস্যরা দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই বাবু শেখ মারা গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। 

আরটিভি /এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission