
গাজীপুর সাফারি পার্কে পৃথক ঘটনায় রাজু বাহাদুর ও রাজ বাহাদুর নামের দুটি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজু বাহাদুর অপর একটি হাতির আঘাতে গুরুতর আহত হয়েছিল। অপরদিকে, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে মারা যায় রাজ বাহাদুর। দুই হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।
পার্ক কর্তৃপক্ষের দেওয়ার তথ্যমতে, গত ৭ আগস্ট সকালে রাজা বাহাদুর নামের হাতিটিকে পার্কের হাতিশালায় মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। আগের দিন ৬ আগস্ট রাতে রাজ বাহাদুর নামের হাতির মৃত্যু হয়েছে।
তিনি জানান, চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শিকলে বাঁধা ১০ বছরের রাজু বাহাদুরের ওপর হামলা করে ৪ বছরের হাতি জয়িতা। আক্রমণে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। হাতির চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড, পাশাপাশি থাইল্যান্ড থেকে আনা হয় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শও নেওয়া হয়েছিল। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গত ৭ আগস্ট শুক্রবার হাতিটির মৃত্যু হয়।
অপরদিকে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে ৬ আগস্ট গাজীপুর সাফারি পার্কের অপর একটি হাতির মৃত্যু হয়েছে। দুটি হাতির মৃত্যুর পর এগুলোর দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। পরে হাতি দুটিকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পার্কের ভেতরে মাটিচাপা দেওয়া হয়। বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা ৮টি।
উল্লেখ্য, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে রাজু বাহাদুর নামের হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় নিয়ে আসে। উদ্ধারের সময় রাজু বাহাদুরের বয়স ছিল ৯ বছর। গত ২৪ মে হাতিশালায় শিকলে বাঁধা থাকা অবস্থায় রাজু বাহাদুরের ওপর পার্কে থাকা জয়িতা নামে অন্য একটি হাতি হামলা করে। হামলায় সে মাটিতে পড়ে যায় এবং পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর একটি ক্রেন এনে হাতিটিকে সেখান থেকে তুলে বালির ওপর রাখা হয়। পরে এক্সরে করে হাতিটির পা ভেঙে যায় বলে চিকিৎসকরা নিশ্চিত হন।
আহত হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল আনা হয়, পরামর্শ নেওয়া হয় শ্রীলঙ্কার চিকিৎসক দলের। এছাড়া দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের নিয়মিত পরামর্শ ও তত্ত্বাবধানে রাজু বাহাদুরের চিকিৎসা চলে। গত ৭ আগস্ট শুক্রবার সকালে পার্কের হাতিশালায় হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।
আরটিভি/ এসকেডি



