
পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ্ (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দনপুর কেটিএস আয়েশা খাতুন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ্ মাধপুর এলাকার ইকরাম আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ইছামতী নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের মালামাল আনলোড করার জন্য একটি ১০ চাকার লরী নন্দনপুর কেটিএস আয়েশা খাতুন স্কুলের সামনে রাস্তার পাশে পার্কিং করা ছিল। এ কারণে সড়কে যাতায়াতের জায়গা সংকুলান হওয়ায় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি (সবুজ) সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা হলুদ রঙের একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে অন্তত ৫/৬ জন আহত হন। পরে গুরুতর আহত আব্দুল্লাহকে সাঁথিয়া হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে পাবনা থেকে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহতরা সাঁথিয়াসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরটিভি/এমএইচজে


