ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

থানার সামনে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:২৫ এএম
ছবি: আরটিভি

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পিস্তল দিয়ে প্রকাশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাত যুবকের বিরুদ্ধে। এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বরসংলগ্ন ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, খয়েরি রঙের একটি প্রাইভেটকারের ভেতর থেকে এক যুবক পিস্তল বের করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও দেখা যায়। গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী ওই প্রাইভেটকারটি ভাঙ্গা হাইওয়ে থানার সামনে মহাসড়কের মাঝখানে পার্কিং করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক গাড়িটি সড়কের পাশে সরিয়ে পার্কিং করতে বলেন। এ নিয়ে গাড়িতে থাকা এক যুবক ও এক তরুণীর সঙ্গে স্থানীয়দের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে গাড়িতে থাকা তরুণী নেমে স্থানীয় এক যুবককে থাপ্পড় দেন বলে অভিযোগ রয়েছে। পরে আরও কয়েকজন স্থানীয় যুবক সেখানে এগিয়ে এলে ওই যুবক গাড়িতে উঠে একটি ব্যাগ থেকে পিস্তল বের করেন। এরপর পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুন

ঘটনার পর গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন বলে জানা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু বলেন, গুলিবর্ষণের ভিডিওটি পুলিশ পেয়েছে। তবে ভিডিওটি ভাঙ্গার ঘটনার কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি ভিডিও দেখে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। ভাঙ্গায় ঘটনাটি ঘটে থাকলে দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আশুলিয়ায় ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ঢাকার আশুলিয়ার বাইপাইল আন্ডারপাসের নিচে ককটেল সদৃশ বস্তু রাখা একটি ব্যাগ ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। এ ঘটনায় পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৪ নবীনগর ক্যাম্পের সদস্যরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল আন্ডারপাসের নিচে ককটেল সদৃশ বস্তু রাখা একটি ব্যাগ দেখতে পান। পরে তারা সেটি ঘিরে রেখে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেন। রাত ১০টার পর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায় ইউনিটের সদস্যরা। এ সময় আশুলিয়া থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা এলাকাটি ঘিরে রাখেন। আরটিভি/টিআর
আশুলিয়ায় ককটেলসদৃশ বস্তু উদ্ধার
গোপালগঞ্জে বিদ্যুৎ নিয়ে বড় সতর্কবার্তা
হামলার আশঙ্কায় জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছে গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। প্রতিষ্ঠানটির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এ অনুরোধমূলক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে দলমত নির্বিশেষে সব শ্রেণির গ্রাহকের প্রতি এ আহ্বান জানানো হয়। ওই পোস্টে বলা হয়েছে, দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সব শ্রেণির গ্রাহকদের কাছে অনুরোধ, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণকাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না। পোস্টে আরও জানানো হয়, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। পোস্টটির শেষে অনুরোধক্রমে নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, গত ১৯ নভেম্বর একশ থেকে দেড়শ মানুষ আমার অফিস কম্পাউন্ডে ঢুকে পড়েন। তারা অফিসের একটি কাচ ভেঙে ফেলেন এবং বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দেন। হামলার আশঙ্কায় এরপর থেকে আমার অফিসের লোকজন বাইরে যেতে ভয় পাচ্ছেন। তারা যদি কাজ করতে ভয় পান, তাহলে তো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে না। তিনি আরও বলেন, আগামীতে আমাদের গাড়ি বা জনবলের ওপর হামলা হলে কাজ করা সম্ভব হবে না। কারণ, স্টাফরা বাইরে কাজ করেন। তারা কাজ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। এ জন্য সবাইকে অনুরোধ জানিয়ে এই পোস্টটি করা হয়েছে। গত ১৯ নভেম্বরের ঘটনার পর বিদ্যুৎ কার্যালয়ের নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে বলে জানান তিনি। তবে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এ ধরনের ধ্বংসাত্মক কাজ থেকে সবাইকে সরে আসা উচিত। অন্যথায় সবাইকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে। আরটিভি/টিআর
গোপালগঞ্জে বিদ্যুৎ নিয়ে বড় সতর্কবার্তা
রাতের আঁধারে ভেকু দিয়ে বাড়ি ভাঙচুর, চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে নাসিক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে ভেকু (এক্সকাভেটর) দিয়ে বসতবাড়ি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত সুলতানা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পরিবর্তে সিটি করপোরেশনের পক্ষ থেকে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ঘটনাস্থলে বিধ্বস্ত বাড়িঘর পরিদর্শনে গিয়ে তিনি এ আশ্বাস দেন। বাড়িঘর হারিয়ে অসহায় হয়ে পড়া পরিবারটির দুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রশাসকের এমন উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্বজন ও পরিবারের সদস্যরা। এ সময় প্রশাসক বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ধরনের ঘটনায় কেউ ছাড় পাবে না। এর আগে, গত ২৪ নভেম্বর সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ৮ নম্বর রোডে ‘মা ভিলা’ নামের বাড়িসহ একাধিক স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীনা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, বাড়ি ভাঙচুরের পাশাপাশি ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, স্বর্ণালংকার, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় পরিবারের অন্য সদস্যদের বাড়ি ও একটি বেকারিও ভাঙচুর করা হয়। সব মিলিয়ে ১ কোটি ৫২ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি ও মালামাল লুটের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। এরই ধারাবাহিকতায় এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন পরিবারটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারটির আবাসনসংকট বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। তবে এটি কোনো ক্ষতিপূরণ নয়। বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে বাড়িটি নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রায় ৪০ বছর ধরে বসবাস করা বাড়িটি হারিয়ে পরিবারটি বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে ঘর নির্মাণের ঘোষণাকে ঘুরে দাঁড়ানোর অবলম্বন হিসেবে দেখছেন তাঁরা। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামীম হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাড়িটি ভাঙচুরের ঘটনা ঘটে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন পুলিশের প্রক্রিয়াধীন। আরটিভি/টিআর
রাতের আঁধারে ভেকু দিয়ে বাড়ি ভাঙচুর, চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে নাসিক
চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। 
চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 
টিকটক দিয়ে তিন মাসে ১৫ মেয়েকে ‘ফাঁদে’ ফেলেছেন সেই চীনা নাগরিক! 
মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে চেন ইয়ং নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
টিকটক দিয়ে তিন মাসে ১৫ মেয়েকে ‘ফাঁদে’ ফেলেছেন সেই চীনা নাগরিক! 
আরও পড়ুন
নরসিংদীতে যুবককে গুলি করে হত্যা
৬ জনকে গুলির দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন ‘শুটার রায়হান’
ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি
সোনারগাঁয় মৎস্যজীবী দল নেতার বাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের গুলি