
নওগাঁর সাপাহার থানায় বিদায়ী ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে দিনভর প্রশাসনিক স্থবিরতা ও সেবাপ্রার্থীদের ভোগান্তি শেষে আনুষ্ঠানিকভাবে নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শাহীন রেজা।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিদায়ী ওসি মিজানুর রহমান নবাগত ওসির কাছে আনুষ্ঠানিকভাবে থানা পরিচালনার সার্বিক ক্ষমতা হস্তান্তর করেন।
এর আগে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের এক আদেশে সাপাহার থানার ওসি মিজানুর রহমানকে জনস্বার্থে জয়পুরহাট জেলায় বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে যোগ দিতে নবাগত ওসি শাহীন রেজা থানায় উপস্থিত হন। তবে বিদায়ী ওসি তাৎক্ষণিকভাবে চার্জ বুঝিয়ে না দেওয়ায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত থানার প্রশাসনিক ও আইনি সেবা কার্যক্রমে সাময়িক অচলাবস্থার সৃষ্টি হয়।
ফলে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাশীসহ বিভিন্ন সেবাপ্রার্থী ও শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন। বিষয়টি প্রশাসনিক পর্যায়ে জানাজানি হওয়ার পর সার্বিক আইনি সেবা নিরবচ্ছিন্ন রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং শেষ পর্যন্ত গভীর রাতে আনুষ্ঠানিকভাবে চার্জ হস্তান্তরের মাধ্যমে এই জটিলতার অবসান ঘটে।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি শাহীন রেজা জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নির্মূল এবং সাধারণ মানুষের দাপ্তরিক সেবা নিশ্চিত করাই তার প্রথম অগ্রাধিকার। অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় তিনি স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
বিদায়ী ওসি মিজানুর রহমান তার কর্মকালীন সময়ে সহযোগিতার জন্য থানার সর্বস্তরের পুলিশ সদস্য ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নতুন ওসির দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
আরটিভি/এমএইচজে


