
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় বিপন্ন প্রজাতির একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর পুলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় হনুমানটিকে পড়ে থাকতে দেখেন সিএনজিচালক অখিল মালাকার। প্রাণীটির অবস্থা দেখে তিনি দ্রুত কাছে গিয়ে মুখে পানি দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান তিনি।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে হনুমানটিকে উদ্ধার করেন। পরে সেটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হনুমানটিকে মৃত ঘোষণা করেন।
পরে মৃত হনুমানটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম বলেন, মৃত হনুমানটির ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। এরপর বন বিভাগের নিয়ম অনুযায়ী মৃতদেহটি মাটিচাপা দেওয়া হবে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন হনুমানটি তাদের কাছে হস্তান্তর করেছে। এটি রেঞ্জ কার্যালয়ের রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বন্যপ্রাণী সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মুখপোড়া হনুমান বাংলাদেশের বিপন্ন বন্যপ্রাণীগুলোর একটি। বনভূমি সংকুচিত হওয়া, আবাসস্থল ধ্বংস এবং মানুষের নানা ধরনের হস্তক্ষেপে এ প্রজাতির অস্তিত্ব দিন দিন হুমকির মুখে পড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সড়ক দুর্ঘটনার মতো নতুন ঝুঁকি।
বাংলাদেশের সীমিত কয়েকটি চিরসবুজ বনাঞ্চলের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান মুখপোড়া হনুমানের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল। খাদ্য ও নিরাপদ আবাসস্থলের সন্ধানে এসব বন্যপ্রাণী অনেক সময় বনাঞ্চলসংলগ্ন সড়ক পার হয়। ব্যস্ত সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে তখন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
আরটিভি/এসকে




