
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি গরুর খামার ও খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের বসতঘর ও অন্যান্য স্থাপনা বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাকশা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মো. সোহেল শেখের গরুর খামারের কাঠ ও টিন দিয়ে নির্মিত একটি ঘর এবং খড়ের গাদা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় খামারে থাকা গরুগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এতে কোনো ব্যক্তি হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় তা আশপাশের বসতঘর ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি।
আরটিভি/এমএম




