
আগুন আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে বেড়িয়ে পড়লো শতশত রোগী। দৌড়ে নামতে গিয়ে আহত হয় বেশ কয়েকজন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাসপাতালের অক্সিজেন প্লান্টে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে স্বয়ংক্রিয় ভাবে দ্বিতীয় তলার হাম ওয়ার্ডের সামনের একটি পয়েন্ট দিয়ে উচ্চ শব্দে অক্সিজেন নির্গত হওয়ার সময় হাসপাতালে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালে ভর্তি রোগীরা হুড়াহুড়ি করে নেমে হাসপাতালের বাইরের রাস্তায় চলে আসে।
অক্সিজেন প্লান্টের বিআইই ট্যাংক অপারেটর রিপন চৌধুরী জানান, ট্যাংকের ভেতরে অক্সিজেনের চাপ বেশি হলে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সেফটি রিলিজ ভালভ দিয়ে অতিরিক্ত চাপ বের হয়ে যায়। এ সময় শব্দ হতে পারে। অক্সিজেন স্বাভাবিক চাপে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এটি অক্সিজেন প্লান্ট চালুর পর থেকেই হয়ে আসছে এবং এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালি জানান, বিকট শব্দ শোনার পর গুজবের কারণে রোগী ও স্বজনেরা আতঙ্কিত হয়ে ওয়ার্ড থেকে নিচে নেমে আসেন। হাসপাতালে আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি। এ ঘটনায় কেউ আহতও হননি। বর্তমানে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। রোগীরাও নিজ নিজ ওয়ার্ডে ফিরে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক আহমদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট হাসপাতালে পাঠানো হয়। সেখানে আগুন লাগার কোনও ঘটনা পাওয়া যায়নি। অক্সিজেন প্লান্টও অস্বাভাবিক ছিল। গুজব থেকেই রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও স্বজনদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার এবং কোনও গুজবে কান না দিয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
আরটিভি/এসএস




