
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নাফ নদীসংলগ্ন পোল্ডারগুলোর পুনর্বাসন প্রকল্প এলাকা পরিদর্শন ও প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করতে কক্সবাজারে গেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই সময়ে দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে রয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তবে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সফরসূচি পৃথক।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আকাশপথে কক্সবাজারে পৌঁছান পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সফরসূচি অনুযায়ী, তিনি উখিয়া ও টেকনাফ উপজেলার নাফ নদী বরাবর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বাস্তবায়নাধীন পোল্ডার পুনর্বাসন প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরে টেকনাফ উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মন্ত্রী যে প্রকল্পটি পরিদর্শন করেন, সেটি পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছে। প্রকল্পটির সরকারি নাম ‘কক্সবাজার জেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮) পুনর্বাসন প্রকল্প (২য় সংশোধিত)’।
এ প্রকল্পের আওতায় উখিয়া ও টেকনাফ উপজেলার নাফ নদীসংলগ্ন ৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮ নম্বর পোল্ডারের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
অন্যদিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার কক্সবাজারে পৌঁছেছেন। সফরের প্রথম দিনে তিনি উখিয়া ও টেকনাফের নাফ নদীসংলগ্ন একই পোল্ডার পুনর্বাসন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় প্রশাসন ও প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের দ্বিতীয় দিন বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী কুতুবদিয়া সফর করবেন। সেখানে তিনি ‘কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার পোল্ডার নং-৭১ এ সুপার ডাইক নির্মাণসহ টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা (১ম পর্যায়)’ প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। প্রকল্পটির প্রথম পর্যায়ে প্রায় ৬ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কুতুবদিয়া সফর শেষে প্রতিমন্ত্রীর পেকুয়া উপজেলার উপকূলীয় এলাকায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি পোল্ডার নং-৬৪/২এ ও ৬৪/২বি-এর পুনর্বাসনসহ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নসংক্রান্ত প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে পর্যালোচনা সভায় অংশ নেবেন।
নাফ নদীসংলগ্ন উখিয়া-টেকনাফের পোল্ডারগুলো সীমান্তবর্তী ও উপকূলীয় জনপদের পানি ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ। এসব পোল্ডারের পুনর্বাসন ও বেড়িবাঁধের স্থায়িত্ব বাড়ানোর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার জনপদ ও কৃষিজমি সুরক্ষায় ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পৃথক সফরে উখিয়া-টেকনাফের পোল্ডার পুনর্বাসন প্রকল্প এবং কুতুবদিয়া ও পেকুয়ার পানি উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তব অবস্থা ও চলমান কার্যক্রম পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি বেড়িবাঁধের স্থায়িত্ব, বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও উপকূলীয় এলাকার পানি ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
আরটিভি/এমএইচজে




