
মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজ থেকে দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী সঙ্গে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্কুলের শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
তবে রোববার স্কুল ছুটির পর বের হওয়ার পথে পূর্বের বিরোধের জেরে সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থী বহিরাগতদের নিয়ে দেশীয় অস্ত্রসহ নবম শ্রেণির সেই শিক্ষার্থী ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় নবম শ্রেণির সেই শিক্ষার্থী চিৎকার-চেঁচামেচিতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসেন। পরে ১৬ বছর বয়সী এক বহিরাগত কিশোরকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দেওয়া হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, স্কুল ও কলেজের ভেতরে কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালানোর ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোর গ্যাং-সংক্রান্ত মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরটিভি/টিআর




