ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা। সকাল-বিকেল টেপ টেনিস বল হাতে মাঠে ছুটে বেড়ানো ছিল নিত্যদিনের অভ্যাস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভালোবাসাই পরিণত হয় স্বপ্নে— একদিন দেশের হয়ে ক্রিকেট খেলার। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত অনুশীলন, বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ এবং কঠোর পরিশ্রম করে এগিয়ে যাচ্ছেন চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের কৃতি সন্তান ইরফান আহমেদ তুষার।
শৈশবের সেই স্বপ্ন এখন বাস্তবতার পথে। ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাই ক্রিকেট টুর্নামেন্টে বসুন্ধরা ক্রিকেট টিমে জায়গা করে নিয়েছেন তরুণ এই বামহাতি ব্যাটার।
২৭ সেপ্টেম্বর মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তৃতীয় বিভাগ কোয়ালিফাই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। সেখানে বসুন্ধরা ক্রিকেট টিমের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন কচুয়ার ইরফান আহমেদ তুষার।
ক্রিকেটের সঙ্গে তুষারের সম্পর্ক ছোটোবেলা থেকেই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তার ছিল বিশেষ আগ্রহ। বিশেষ করে ক্রিকেটের প্রতি ছিল অন্যরকম টান। প্রতিদিন সকাল-বিকেল মাঠে গিয়ে অনুশীলন করতেন। ধীরে ধীরে স্থানীয় বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার মাধ্যমে নিজের প্রতিভা বিকশিত করতে থাকেন তিনি। আন্ডার-১৪ থেকে শুরু করে বিশেষ করে বয়সভিত্তিক খেলা অংশগ্রহণ করে সুনামের সাথে তিনি সফলতা অর্জন করে এ পর্যায়ে এসেছেন।
পরবর্তীতে ক্রিকেটকে আরও গুরুত্ব দিয়ে নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলন শুরু করেন তুষার। নিজের মেধা, পরিশ্রম ও পরিবারের সহযোগিতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে থাকেন তিনি। একপর্যায়ে সুযোগ আসে ঢাকার তৃতীয় বিভাগ কোয়ালিফাই ক্রিকেট টুর্নামেন্টে খেলার। বসুন্ধরা ক্রিকেট টিমে জায়গা পাওয়ায় তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে নতুন দ্বার খুলেছে।
তুষারের বাবা শিক্ষানুরাগী মো. ইউসুফ মিয়াজী ছেলের ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে জানান, ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি তুষারের প্রচণ্ড আগ্রহ ছিল। সকাল-বিকেল ক্রিকেট খেলত সে। নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম ও অনুশীলন করেছে। এখন সে ঢাকার তৃতীয় বিভাগ ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছে— এতে পরিবার ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। ছেলের জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
কচুয়ার ক্রীড়াঙ্গনে এর আগেও সাফল্যের দৃষ্টান্ত রয়েছে। কচুয়া উপজেলার সন্তান মেহেদি হাসান রানা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে অংশ নিয়ে চাঁদপুরকে দেশের ক্রিকেট অঙ্গনে পরিচিত করেছেন। এবার সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় এসেছেন কচুয়ার আরেক তরুণ ক্রিকেটার ইরফান আহমেদ তুষার।
বসুন্ধরা ক্রিকেট টিমে জায়গা পাওয়ার মধ্য দিয়ে তুষারের ক্রিকেট ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পরিবার, স্বজন ও এলাকাবাসীর প্রত্যাশা— কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে তুষার একদিন জাতীয় পর্যায়ের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এবং কচুয়া তথা চাঁদপুরের নাম আরও উজ্জ্বল করবেন।
শৈশবের মাঠ থেকে ঢাকার বড় ক্রিকেট মঞ্চ— ইরফান আহমেদ তুষারের এই যাত্রা শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, এটি কচুয়ার নতুন প্রজন্মের ক্রিকেটপ্রেমী তরুণদের জন্যও অনুপ্রেরণার গল্প।
আরটিভি/এসএস



