
চলতি বছর বোরো চাল সংগ্রহ মৌসুমে সাতক্ষীরায় সরকারিভাবে ১৯ হাজার ৬৪৯ দশমিক ৫৫০ টন সেদ্ধ চাল ক্রয় করা হয়েছে। প্রতি কেজি ৪৯ টাকা দরে যার মূল্য ৯৬ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।
সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। তবে গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা প্রায় ৪০ শতাংশ বেশি বলে জানান সংশ্লিষ্টরা।
জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ১০ হাজার ১৫৬ দশমিক ৭০ টন, কলরোয়ায় ১ হাজার ২১৪ টন, দেবহাটায় ১ হাজার ২৭৩ টন, কালিগঞ্জে ৬৭৫ টন, শ্যামনগরে ১৪২ টন, আশাশুনি ১৭৫ দশমিক ৯৮০ টন এবং তালা উপজেলার জন্য ৬ হাজার ১৩ দশমিক ৫৬০ টন বরাদ্য দেওয়া হয়েছে।
চলতি মৌসুমে বোরো চাল মোটা জাতের জন্য সরকারিভাবে মূল্যনির্ধারণ করা হয় কেজিপ্রতি ৪৯ টাকা। এ হিসাব অনুযায়ী ক্রয়কৃত ১৯ হাজার ৬৪৯ দশমিক টন চালের মূল্য ৯৬ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।
সূত্রটি আরও জানায়, গত ১৫ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে ১৫ অক্টোবর শতভাগ সংগ্রহ শেষ হয়। অন্যদিকে গত বোরো মৌসুমে জেলায় ১১ হাজার ৯৫৩ টন চাল সংগ্রহ করা হয়। ৪৯ টাকা কেজি দরে যার মোট মূল্য ছিল ৫৮ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসাবে চলতি মৌসুমে ৭ হাজার ৬৯৬ দশমিক ৫৫ টন পরিমাণ চাল ক্রয় বা সংগ্রহ বেড়েছে।
সাতক্ষীরা জেলা (ভারপ্রাপ্ত) খাদ্য নিয়ন্ত্রক মো. ওমর ফারুক জানান, সরকারের নির্দেশ অনুসরণ করে জেলার সাতটি উপজেলার ২৪৭টি নিবন্ধিত মিল মালিকদের থেকে সচ্ছতা বজায় রেখে চলতি মৌসুমে ১৯ হাজার ৬৪৯ দশমিক ৫৫০ টন চাল ক্রয় হয়। এ সময় চালের গুণগত মান বা পুষ্টি সঠিকভাবে যাচাই করে নেয়া হয়। তাছাড়া জেলার সব গোডাউন কর্মকর্তাকে নির্দেশ দেয়া আছে, কেউ যেন অসৎ উপায়ে নিম্নমানের চাল সরকারি গুদামে না ঢোকাতে পারে।
আরটিভি/এসআর




