
গত কয়েক দিন ধরে বলেশ্বর নদীতে তুলনামূলক ভালো ইলিশ ধরা পড়ছে। একের পর এক ট্রলার ঘাটে ফিরছে। এতে জেলে, পাইকার ও আড়তদারদের মধ্যে বেড়েছে কর্মচাঞ্চল্য। তবে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদীসহ উপকূলীয় এলাকায় শুরু হচ্ছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এতে একদিকে শেষ সময়ে ইলিশ পেয়ে স্বস্তি ফিরেছে জেলেদের মধ্যে, অন্যদিকে দীর্ঘ সময় কর্মহীন থাকার চিন্তায় দুশ্চিন্তায় পড়েছেন ঋণগ্রস্ত অনেক জেলে।
ঘাট ও বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ প্রতি কেজি প্রায় ৩ হাজার টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের ভাষ্য, নিষেধাজ্ঞার কারণে বাজারে ইলিশের সরবরাহ বন্ধ থাকবে। তাই শেষ মুহূর্তে পছন্দের ইলিশ কিনে রাখছেন তারা।
জেলেরা বলেন, শেষ সময়ে ভালো মাছ পাওয়ায় কিছুটা আয় হয়েছে। তবে আগামী ২২ দিন নদীতে যেতে না পারায় সংসার চালানো নিয়ে দুশ্চিন্তা রয়েছে। সরকারি বরাদ্দের চাল ও সহায়তা দ্রুত ও সঠিকভাবে না পেলে পরিবার চালানো কঠিন হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিতেই এ নিষেধাজ্ঞা। এ সময়ে ইলিশ অবাধে ডিম ছাড়তে পারলে ভবিষ্যতে উৎপাদন বাড়বে। নিষেধাজ্ঞা কার্যকর করতে নদী ও বাজারে নজরদারি থাকবে। নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে অভিযান চালানো হবে।
আরটিভি/এমএইচজে




