
ডেঙ্গু ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে সদরপুরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলা ছাত্রদলের নেতা তুষার মাহমুদের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। সদরপুর সরকারি কলেজ, সদরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে সদরপুর উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন রাজীব মোল্লা, সোহাগ মোল্লা, সোহান বয়াতি, তরিকুল ইসলাম, আহসান হাবিব, শাহিন মোল্লা, হামিম সিয়াম, সেজান ও আহাদ।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু ও মাদক—দুটিই জনস্বাস্থ্য ও সমাজের জন্য বড় হুমকি। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া প্রয়োজন।
আরটিভি/এমএম


