
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক নবজাতক ছেলেশিশুকে চুরি করে নিয়ে গেছে এক দুর্বৃত্ত নারী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি হওয়া শিশুটি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শামীম মিয়া ও মরিয়ম বেগম দম্পতির প্রথম সন্তান।
শিশুটির পরিবার জানায়, গত সোমবার প্রসবব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন মরিয়ম। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। বিয়ের তিন বছর পর প্রথম সন্তান ছেলে হওয়ায় পরিবারটি অনেক খুশি ছিল।
তবে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক নারী রোগীর স্বজনের ছদ্মবেশে মরিয়ম ও তার মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। এর কিছুক্ষণ পর নবজাতকের মায়ের ব্যথা অনুভূত হলে ওই নারী সহযোগিতার কথা বলে শিশুটিকে কোলে নেন। একপর্যায়ে শিশুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা হাসপাতালে এসে তদন্ত শুরু করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী শিশুটির পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ওই নারীকে শনাক্ত করা এবং শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
আরটিভি/টিআর




