
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ রোগী। এছাড়া সুস্থ হয়ে ফিরেছেন ৫৭ জন।
শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২৭ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৮৮ পুরুষ, ২৮ নারী ও ১১ শিশু। পুরুষ ও নারী রোগীদের মধ্যে দুজন করে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের ১৮ বছর বয়সি মিনহাজ, ফুলবাড়িয়ার ৬৫ বছর বয়সি হারিছা বেগম এবং টাঙ্গাইলের ধনবাড়ীর ৪৫ বছর বয়সি মরিয়ম। তাদের মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গুজনিত জটিলতা, রক্তক্ষরণজনিত সমস্যা এবং ডেঙ্গুর সঙ্গে ইস্কেমিক স্ট্রোকের কথা উল্লেখ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চলতি বছর এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট তিন হাজার ৫১২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ২৯ জন।
আরটিভি/এমএ


