
কুমিল্লার বুড়িচংয়ে চারদিন ধরে নিখোঁজ রয়েছে মো. ইব্রাহিম (১২) নামের এক মাদরাসাছাত্র। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শিশুটির পরিবার।
নিখোঁজ ইব্রাহিম উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সদাগরবাড়ির বাসিন্দা মো. মাসুদের ছেলে। সে ফকিরবাজার সুন্নিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) রাতে পড়ার টেবিলে ইব্রাহিমকে না দেখে তাকে বকাঝকা করেন তার চাচা।
পরের দিন মঙ্গলবার সকালে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ইব্রাহিমের চাচা মো. মামুন জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করবেন। কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকলে নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
যোগাযোগ : ০১৯৯৯৬৯৫৬১৩
আরটিভি/এসআর


