
প্রায় দেড় যুগ ধরে দুর্ভোগ ছিল যে পথের নিত্যসঙ্গী, অবশেষে সেখানে তৈরি হলো স্থায়ী চলাচলের পথ। দীর্ঘদিন বাঁশ ও কাঠের সাঁকো দিয়ে পারাপার করতেন স্থানীয় বাসিন্দারা। শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা (আসওয়াদ পোশাক কারখানা সংলগ্ন) এলাকায় টানা ১৮ বছরের সীমাহীন কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন তরুণ রাজনৈতিক কর্মী ছাত্রদল নেতা রিফাত বেপারী। নিজস্ব অর্থায়নে মাটির রাস্তা নির্মাণ করে তিন শতাধিক পরিবারের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তিনি।
রিফাত বেপারী গাজীপুরের শ্রীপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি এবং বেড়াইদেরচালা এলাকার তসলিম উদ্দিন বেপারীর ছেলে। নিজের দায়িত্ববোধ থেকে তিনি স্বেচ্ছায় স্থানীয়দের দীঘদিনের দুর্ভোগের কথা ভেবে সড়ক নির্মাণ করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় যুগ ধরে আসওয়াদ পোশাক কারখানা কারখানার দক্ষিণ পাশে ওই পথে একটি নড়বড়ে বাঁশের সাঁকোই ছিল স্থানীয়দের চলাচলের একমাত্র ভরসা। স্থানীয় বাসিন্দারা ছাড়াও আশপাশের প্রায় ১০টি পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক প্রতিদিন ঝুঁকি নিয়ে এ পথ ব্যবহার করতেন। বিশেষ করে বর্ষাকালে অতি বৃষ্টিতে প্রায়ই সাঁকোটি ভেঙে গিয়ে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেত। চরম দুর্ভোগের পাশাপাশি ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে প্রায়ই ঘটতো দুর্ঘটনা। দীর্ঘকাল ধরে মানুষের ভোগান্তি চললেও রাস্তাটির উন্নয়নে পৌরসভার পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ ছিল না। সম্প্রতি সোহাগ নামের স্থানীয় এক বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই দুর্ভোগের চিত্র তুলে ধরে স্ট্যাটাস দেন। বিষয়টি নজরে এলে মানুষের কষ্ট লাঘব করতে এগিয়ে আসেন ছাত্রদল নেতা রিফাত বেপারী।
দীর্ঘদিনের চাওয়া পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দারা ও পোশাক শ্রমিকেরা জানান, বর্ষায় সাঁকো ভেঙে গেলে যাতায়াত বন্ধ হয়ে যেত। এখন কোনো ঝুঁকি ছাড়াই আমরা যাতায়াত করতে পারবো। স্থানীয়রা আশা করনে বর্ষা মৌসুমে যেন এই রাস্তাটি নষ্ট হয়ে না যায়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি পাকা ও টেকসই করার উদ্যোগ নেবে।
তরুণ ছাতদল নেতার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় রফিজ উদ্দিন বলেন, দীর্ঘদিনে জনদুর্ভোগ নিরসনে একজন তরুণের এমন মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সামাজিক কল্যাণে ব্যক্তিগত উদ্যোগ সমাজ ও এলাকার জন্য ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে। এখন রিকশা-সাইকেলও চলাচল করতে পারবে। রাজনৈতিক নেতাকর্মী হিসেবে এমন কল্যাণমূলক কাজ করা সত্যিই প্রশংসনীয়।
শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিফাত বেপারী জানান, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় দেড় লাখ টাকা ব্যায়ে রাস্তাটি নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। ফেসবুকে দুর্ভোগের চিত্র দেখে সিদ্ধান্ত নেন ব্যক্তিগত উদ্যোগে বালু ও মাটি ভরাট করে ১৫০ ফুট দীর্ঘ এবং সাড়ে ৬ ফুট প্রশস্ত করে রাস্তাটি চলাচলের উপযোগী গড়ে তোলেন। মানুষের প্রতিদিনের যাতায়াত সহজ করা এবং তাদের কষ্ট কিছুটা কমানোই ছিল আমার মূল উদ্দেশ্য।
আরটিভি/এমএম




