
গাজীপুরের শ্রীপুরে এক নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, আপত্তিকর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে আলমাছ উদ্দিন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার (৯ অক্টোবর) শ্রীপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত আলমাছ উদ্দিন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের বাসিন্দা।
থানায় দেওয়া লিখিত অভিযোগ ভুক্তভোগী উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ওই নারীর সঙ্গে অভিযুক্ত যুবকের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিভিন্ন সময় প্রায়ই তাদের মধ্যে কথা চলতে থাকে। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত যুবক তাকে বিভিন্ন সময় একাধিক স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং ওই সময়ের ঘটনা তার মুঠোফোনে ভিডিও ধারণ করেন। সর্বশেষ গত ৩ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুরের তালতলী এলাকায় অভিযুক্তের বাড়ির পাশের একটি নির্জন বাগানে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময়ও ভিডিও ধারণ করা হয়। পরে বিয়ের কথা বললে অভিযুক্ত যুবক তাকে হত্যার ভয় দেখান এবং গোপনে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এসব বিষয়ে যুবকের পরিবারের সদস্যদের জানালে তাকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত আলমাছ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিয়ের আশ্বাসে এক নারীকে একাধিকবার ধর্ষণ, আপত্তিকর ভিডিও ধারণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে




