
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে বসে দেশবিরোধী জামায়াতে ইসলামী চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ মিলে ১৯৯৬ সালে এবং ১৯৮৬ সালের নির্বাচনে এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ মোকাবিলা করেছিল। অর্থাৎ, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী অতীতেও দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে। বিএনপি তা মোকাবিলা করেছে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সুদৃঢ় সমর্থন ও সহযোগিতায় বর্তমান বিএনপি সরকার অতীতের মতো সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও বৈরী চাপ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে।
এর আগে দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আরটিভি/টিআর


