
প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধু শিক্ষা অনেক সময় বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষা শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা চিন্তাশক্তি বাড়িয়ে দেয়। শিক্ষা সত্য-মিথ্যা এবং তথ্য, প্রচার ও পক্ষপাতের মধ্যে পার্থক্য গড়ে তোলে। শিক্ষাকে আপনি মানবকল্যাণে ব্যয় করবেন, তা আপনার চিন্তা থেকে আসে। শুধু শিক্ষিত হয়ে বা পড়ালেখা শেষ করে একটি চাকরি নিয়েই আপনি কার্যক্রম শেষ করবেন, এটিই কিন্তু প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রকৃত শিক্ষা (ট্রু এডুকেশন) আরও বেশি প্রয়োজন। আমরা যদি সেদিকে বেশি নজর না দিই, তাহলে শুধু শিক্ষা অনেক সময় আমাদের জন্য বিপজ্জনক হতে পারে।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি প্রমুখ।
আরটিভি/টিআর



