
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে দিনদুপুরে চা-বাগানের ভেতরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও আসন্ন শারদীয় দুর্গোৎসবের বোনাসের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফেরার পথে পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে একদল সশস্ত্র ছিনতাইকারী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ভূজপুর থানাধীন পঞ্চবটি চা-বাগানের কারখানার কাছাকাছি মূল প্রবেশমুখে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হন পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ বাবু। এ সময় তার সঙ্গে থাকা বাগানের পল্লিচিকিৎসক বাবুল দাশকেও মারধর করা হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ চা-বাগানের শ্রমিকেরা ধাওয়া করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন পাশের এলাকার টিলাপাড়ার বাসিন্দা জিহান (২৪) ও আবু (২৫)। তবে এ চক্রের আরও দুই সদস্য টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহের মতো এবারও শ্রমিকদের সাপ্তাহিক মজুরি ও আসন্ন পূজার বোনাস দেওয়ার জন্য উপজেলার নারায়ণহাট কৃষি ব্যাংক শাখা থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ বাবু। টাকাগুলো একটি ব্যাগে নিয়ে তারা মোটরসাইকেলে করে চা-বাগানে ফিরছিলেন।
মোটরসাইকেলটি চা-বাগানের ফটক পেরিয়ে কারখানার কাছাকাছি পৌঁছালে আগে থেকেই গাছের আড়ালে ওত পেতে থাকা সশস্ত্র ছিনতাইকারীরা আকস্মিকভাবে তাদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে সহকারী ব্যবস্থাপক নেপাল দাশকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং বাবুল দাশের ওপর হামলা চালায়।
এ সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে চা-বাগানের শত শত শ্রমিক ও স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা জিহান ও আবু নামের দুই ব্যক্তিকে ঘেরাও করে আটক করেন এবং তাদের মারধর করেন বলে জানা গেছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে ভূজপুর ও ফটিকছড়ি থানার পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আটক ব্যক্তিদের পুলিশি হেফাজতে নিতে গেলে পুলিশ সদস্যরা বাধার মুখে পড়েন। ক্ষুব্ধ চা-বাগানের শ্রমিকেরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ শ্রমিকদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার খবর পেয়েই ফটিকছড়ি ও ভূজপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উত্তেজিত চা-শ্রমিকদের বাধার মুখেও জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ চক্রের বাকি দুই সদস্য বর্তমানে পলাতক রয়েছেন।
তিনি আরও বলেন, পলাতক ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরটিভি/টিআর



