
জামালপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজে যোগদান করতে পারেননি জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর সিভিল সার্জনের কার্যালয়সংলগ্ন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন দীর্ঘদিন শেরপুর নার্সিং কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি, অগণতান্ত্রিক বিচার, শিক্ষার্থীদের হুমকি প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। পরে শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।
শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের টানা এক মাসের আন্দোলনের পর গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাকসুদা ইয়াসমিনকে শেরপুর নার্সিং কলেজ থেকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির পর থেকেই জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা তার যোগদানের প্রজ্ঞাপন বাতিল এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা ইয়াসমিন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদান করতে আসেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দেখে ‘ভুয়া’, ‘দুর্নীতিবাজ’, ‘লোভী’, ‘ধান্দাবাজ’, ‘মিথ্যাবাদী’ ও ‘ফ্যাসিস্ট’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাকে কলেজে প্রবেশে বাধা দেন তারা।
শিক্ষার্থীদের বাধার মুখে দীর্ঘ সময় কলেজের সামনে অবস্থান করতে হয় মাকসুদা ইয়াসমিনকে। পরে দুপুর ২টার দিকে কলেজে প্রবেশ করতে না পেরে গেট থেকেই ফিরে যান তিনি।
এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছেন, বিষয়টি আমি শুনেছি। এখন তার বদলির বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে।
আরটিভি/টিআর


