
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আকলিমা আক্তার পাখি (৩০) ও তার আট বছর বয়সী মেয়ে রাফা মনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা আক্তার পাখি ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক গ্রামের সৌদিপ্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী। রাফা মনি তাদের মেয়ে। তারা ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েকে নিয়ে ঘোড়াশাল বাইপাস সড়ক এলাকায় ঘুরতে বের হন আকলিমা আক্তার। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা রেললাইনে উঠলে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই আকলিমার মৃত্যু হয়।
এ সময় গুরুতর আহত হয় শিশু রাফা মনি। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাত ৯টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে আকলিমা আক্তারের মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মা-মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/এসকে


