
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণ ও বিভিন্ন স্থানে ভাঙচুর চালানোর পর ভারতে পালিয়ে যাওয়া এক যুবককে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার পথে আটক করেছে বিজিবি।
আটক যুবকের নাম প্রান্ত তালুকদার (২০)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৪ এস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির একটি টহল দল ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাকে হাতেনাতে ধরে ফেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার স্বীকার করেছেন যে, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন।
এরপর গত ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে আত্মগোপন করেন। সেখান থেকে শনিবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির হাতে ধরা পড়েন।
পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রাতে বিজিবির একজন নায়েক সুবেদার বাদী হয়ে কলারোয়া থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। উক্ত মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএম


