
কুড়িগ্রামের ৫৬৬ মন্দির-মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের সার্বজনীন কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরসহ কয়েকটি মন্দির পরিদর্শন করে সংবাদ ব্রিফিং করে এ তথ্য জানান এসআরবি-১৩ রংপুরের উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কুড়িগ্রামে ৫৬৬টি মন্দির-মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৩ এর পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি, এসআরবি-১৩, রংপুরের কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে।
এ সময় তিনি গুজব ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য দেখা গেলে তা যাচাই না করে শেয়ার না করার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আরটিভি/এমএইচজে




