
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকভ্যালি পর্যটন উপত্যকা ফের সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার (২১ অক্টোবর) রাতে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক নাজম আশরাফী সাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসাথে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল চারটার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হলো।
এই ঘোষণার আগে সন্ধ্যায় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে আবারও বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সাজেক পর্যটন সড়কে অবরোধের ঘোষণা দেয় আঞ্চলিক দল ইউপিডিএফ সমর্থিত দুইটি সংগঠন-সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইহাট ও মাচালং পূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছিলো।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে সাজেক সড়কে অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এদিকে সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বাঘাইহাট সেনা জোন। বিকেল নাগাদ পর্যটকদের ফিরিয়ে আনা হবে বলে সেনা জোন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। একইসাথে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে বলেও জানানো হয়।
এর আগে ১১ অক্টোবর থেকে সাজেক এলাকায় জনসংহতি সমিতির সশস্ত্র তৎপরতার প্রতিবাদে ওই সড়কে অবরোধ কর্মসূচী শুরু করে সংগঠন দুটি। পরে প্রশাসনের সাথে আলোচনা ও আশ্বাসে প্রাথমিকভাবে কর্মসূচী প্রত্যাহার করে তারা। তবে তাদের দাবি মানা না হলে আবারও ডাকা এই অবরোধ অনির্দিষ্টসময়কালের জন্য চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে সংগঠন দুটি।
আরটিভি/জেএমএ




