ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে দেড় মিনিটের বক্তব্যে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এর আগে বুধবার (২১ অক্টোবর) সকালে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও তানজিলা তাসনিম। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে শতাধিক শাড়ি বিতরণ করা হয়।

বক্তব্যে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন ইউএনও। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। এ অবস্থায় রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হবেন। এ বিষয়ে যথাসময়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

এ ছাড়া রাজারহাটে প্রশাসনিক ভবন উদ্বোধন এবং হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য উপহার দেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তানজিলা তাসনিম। ভিজিএফের চাল বস্তাবন্দী করার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, আগে চালের বস্তা ওঠানো-নামানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতো। নতুন উদ্যোগের ফলে এসব সমস্যা কমবে বলে আশা করা যায়।

বক্তব্যে সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল নিয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান ইউএনও। তার মতে, এ উদ্যোগ সরকারি কর্মচারীদের কাজের প্রতি উদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখবে।

এর আগেও আলোচনায় এসেছিলেন তানজিলা তাসনিম। ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারের ইউএনও থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে এক পর্যটককে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ওই ঘটনা নিয়েও সে সময় আলোচনা-সমালোচনা হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পুলিশ সুপার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি উদ্যোগের প্রশংসা এবং সরকারি চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় বক্তব্যে তুলে ধরলেও দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ সম্বোধনের বিষয়টিই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি (বানৌজা)তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান
মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে শিবালয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি
রাঙামাটির বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি
কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত এক নারীর বিরুদ্ধে হানিট্র্যাপে ফেলে এক মোবাইল ব্যবসায়ীকে মারধর, নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং আরও দেড় লাখ টাকা আদায়ের জন্য ১৮ ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কনটেন্ট ক্রিয়েটরসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগ, এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন যুবক জড়িত। বুধবার (২১ অক্টোবর) ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের কদমতলায় খাদিজাতুল কোবরা মাদরাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আটক দুই নারী হলেন কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের সুমনের স্ত্রী অঞ্জনা আক্তার (২৫) ও ঢেউখালী ইউনিয়নের বক্সডাঙ্গী গ্রামের মনির মাতুব্বরের স্ত্রী মালা আক্তার (১৯)। অঞ্জনা ও তার স্বামী সুমন সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত বলে জানা গেছে।  ভুক্তভোগী ব্যবসায়ী ইব্রাহিম খান (২৮) অভিযোগ করেন, অঞ্জনা তার কলেজজীবনের পরিচিত। কয়েক দিন আগে অঞ্জনা তাকে মালা আক্তারের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর মালার সঙ্গে তার মুঠোফোনে মাঝেমধ্যে কথা হতো। গত ২০ অক্টোবর রাতে অঞ্জনার ডাকে মাদরাসার একটি কক্ষে যান তিনি। সেখানে আগে থেকেই মালা অবস্থান করছিলেন। একপর্যায়ে অঞ্জনা মালাকে কক্ষে রেখে বাইরে যাওয়ার কথা বলে বাইরে থেকে দরজা আটকে দেন বলে অভিযোগ করেন ইব্রাহিম। ইব্রাহিমের অভিযোগ, কিছুক্ষণ পর মালা কক্ষে কান্নার অভিনয় করেন। এরপর অঞ্জনার স্বামী সুমনসহ ১০ থেকে ১২ জন যুবক সেখানে আসেন। তারা তাকে আটকে রেখে মারধর করেন। এ সময় তার আইফোন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দেওয়ায় তাকে প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে কৌশলে আত্মীয় সোহেল মোল্যাকে টাকা নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন ইব্রাহিম। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সোহেল পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করে। এ সময় অঞ্জনার স্বামী সুমনসহ অন্য অভিযুক্তরা পালিয়ে গেলেও অঞ্জনা ও মালাকে আটক করে পুলিশ। এ ঘটনায় ইব্রাহিম খান অঞ্জনা আক্তার ও মালা আক্তারসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে সদরপুর থানায় অভিযোগ করেছেন। স্থানীয় কয়েকজনের অভিযোগ, সদরপুরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তাদের দাবি, এসব ব্যক্তি বিভিন্ন উপজেলায় গিয়ে দলবদ্ধভাবে ভিডিও তৈরি, নাচ-গানসহ নানা আয়োজন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি ও অনুসারী বাড়ানোর প্রতিযোগিতায় তাদের কর্মকাণ্ডের ধরন এবং এর সামাজিক প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। স্থানীয়দের মতে, কনটেন্ট তৈরির আড়ালে কেউ যদি প্রতারণা, হয়রানি কিংবা অন্য কোনো অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে তার পরিচয় বা জনপ্রিয়তা বিবেচনা না করে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির নামে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ নিতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। সদরপুর থানার সেকেন্ড অফিসার মো. মোখলেসুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করা হয়েছে। অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আরটিভি/এসকে
কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী
আরও পড়ুন
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা