
বিয়ে করে প্রায় দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন কাওসার আহমেদ নামে এক যুবক। সেই ঋণ পরিশোধের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় চুরির পরিকল্পনা করেন তিনি। গভীর রাতে ব্যাংকের তালা ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভল্টের তালা ভাঙার চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার কাউসার আহম্মেদ ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ৩টার দিকে ব্যাংকের সব গেট বন্ধ করে নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম ঘুমিয়ে পড়েন। এ সময় ব্যাংকের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন কাউসার। তিনি নিরাপত্তাকর্মীকে ঘুম থেকে ডেকে তোলেন। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন এবং গলায় চাকু ধরে নাইলনের রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলেন। পরে গামছা দিয়ে তার মুখও বেঁধে রাখা হয়।
নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম বলেন, কাউসার ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। আমি কোনোভাবে বাঁধন খুলে দৌড়ে গিয়ে চিৎকার করি। আমার চিৎকার শুনে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ব্যাংকটির ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ওই যুবক ব্যাংকের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলেন। পরে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন। তবে নিরাপত্তাকর্মীর বুদ্ধিমত্তায় তাকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি এবং ভল্টেরও ক্ষতি হয়নি।
কাওসার কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়েছিলেন বলে যে দাবি করেছেন, তা নাকচ করে ব্যবস্থাপক জানান, ওই যুবক কখনো ঋণের জন্য ব্যাংকে আসেননি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় কাউসারকে গ্রেপ্তার করা হয়েছে। আটক কাওসার পুলিশকে জানিয়েছেন, কয়েক মাস আগে বিয়ের সময় তিনি প্রায় দুই লাখ টাকা ঋণ করেছিলেন। কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়ে তা না পেয়ে চুরির পরিকল্পনা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার যুবকের কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সো ব্লেড জব্দ করা হয়েছে।
আরটিভি/টিআর


