
আন্দোলন প্রত্যাহার করে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছেন পোশাক শ্রমিকরা। এতে ধীরে ধীরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নুন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
টানা দুই ঘণ্ট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বিকাল ৫টা ৪০ মিনিটে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত শ্রমিকরা।
মহাসড়কে অবরোধের কারণে সৃষ্ট যানজটে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনায় এইঅবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা।
এদিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় ধীরে ধীরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ দুপুরে সাভারের হেমায়েতপুর থেকে সিংগাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা। এসময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকেরা সেখানে থেকে সরে দুপুর সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আরটিভি/এসআর


