
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বসতবাড়ি হারানো বিধবা নারী রজুপার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আরটিভিতে এ সংক্রান্ত সংবাদ প্রচারের পর তার দুর্দশার বিষয়টি প্রশাসনের নজরে এলে তাকে মানবিক সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রজুপাকে নগদ ১০ হাজার টাকা, বসতবাড়ি পুনর্নির্মাণের জন্য দুই বান্ডিল ঢেউটিন, কম্বল ও শুকনো খাবার দেওয়া হয়েছে।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এবং নরদাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিক ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তারা রজুপার হাতে এসব সহায়তা তুলে দেন।
উপজেলার নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে রজুপার বসতবাড়িতে। এতে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েন স্বামীহারা এই নারী। আরটিভি ও এনটিভি অনলাইনে সংবাদ প্রচারের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত রজুপার পরিবারে।
আরটিভি/এমএইচজে




