
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে রজুপা নামে এক বিধবা নারীর বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাতে উপজেলার নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে হঠাৎ রজুপার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এতে বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ওই বিধবা নারী সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।
আরটিভি/এমএইচজে


