
ঝালকাঠির নলছিটিতে খোলা আকাশের নিচে ছেলেসন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী।
মঙ্গলবার( ২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ইমন হাওলাদার বলেন, বিগত কয়েকদিন ধরেই ওই নারী দপদপিয়ার জুরকাঠী এলাকায় অবস্থান করেছিলেন। গতকাল শেষ বিকেলে সবার অগোচরে তিনি খোলা আকাশের নিচে কারও সহায়তা ছাড়াই পুত্রসন্তান প্রসব করেন। বিষয়টা আমাদের নজরে আসলে আমরা উপজেলা প্রশাসনকে জানাই।
এদিকে খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও নলছিটি থানা পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং নবজাতককে সাময়িকভাবে স্থানীয় বাসিন্দা মো. নুরুল আমিনের জিম্মায় রাখা হয়েছে।
এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু গণমাধ্যমকে বলেন, মানসিক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তার পরিবার খোঁজার চেষ্টা করছি। তাদের খোঁজ পেলে সন্তানসহ তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর না পেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে আগৈলঝাড়ায় সমাজসেবা অধিদপ্তরের শিশু কেন্দ্রে পাঠানো হবে।
আরটিভি/এমএইচজে


