
রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরটিভি/জেএমএ


