
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নং ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ২ নং ধানীসাফা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোহাম্মদ মোজাম্মেল বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৯) এবং একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের মৃত আমির হোসেন দফাদারের ছেলে এমাদুল দফাদার (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মুস্তফা শওকত জামান ও এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি দল শনিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাফা বাজারে অভিযান চালায়। এ সময় মেসার্স উর্মি এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনক অবস্থায় দুজনকে তল্লাশি করা হয়। তল্লাশিতে রুবেল নামক একজনের জিন্সের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৭টি পোটলা ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে পোটলাগুলো খুলে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি চক্র বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হোসেন আল মাহাবুব জানান, শনিবার রাতে সাফা বাজার থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে আমাদের একটি টিম গ্রেপ্তার করেছে৷ তাদেরকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে৷ এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/জেএমএ



